মূল অংশে যান
উসুলি
সব লেখায় ফিরে যান জীবনী ও ইতিহাস

ইমাম খতীব আল-বাগদাদী: গ্রন্থসম্ভার ও বর্ণাঢ্য জীবন

U Usulii.net 07 Sep 2026
ইমাম খতীব আল-বাগদাদী: গ্রন্থসম্ভার ও বর্ণাঢ্য জীবন

ইমাম খতীব আল-বাগদাদী: গ্রন্থসম্ভার ও বর্ণাঢ্য জীবন

ইমাম আবু বকর আহমাদ ইবনু আলী ইবনু সাবিত ইবনু আহমাদ ইবনু মাহদি আল-বাগদাদী, যিনি আল-খতীব আল-বাগদাদী নামে প্রসিদ্ধ, ছিলেন হাদিসশাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ হাফিজ, ইতিহাসবিদ ও মুহাদ্দিস। তিনি ৩৯২ হিজরি (১০০২ খ্রি.) সালে জন্মগ্রহণ করেন এবং ৪৬৩ হিজরি (১০৭২ খ্রি.) সালে ইন্তেকাল করেন।

তাঁর ইলমি অবদান শুধু হাদিস সংকলনেই সীমাবদ্ধ ছিল না; বরং হাদিসের উসুল, রাবিদের পরিচয়, জারহ-তাদিল, হাদিস গ্রহণ ও বর্ণনার আদব, ফিকহ, ইতিহাস এবং ইলমুল শরিয়াহর প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন।

■ সংক্ষিপ্ত জীবনী

ইমাম খতীব আল-বাগদাদী (৩৯২–৪৬৩ হি./১০০২–১০৭২ খ্রি.) ছিলেন শ্রেষ্ঠ হাদিস হাফিজ ও ইতিহাসবিদদের অন্যতম।

তাঁর পূর্ণ নাম: আবু বকর আহমাদ ইবনু আলী ইবনু সাবিত ইবনু আহমাদ ইবনু মাহদি আল-বাগদাদী। তিনি 'আল-খতীব' নামে প্রসিদ্ধ ছিলেন।

তাঁর জন্ম হয় গুযিয়াহ নামক স্থানে কুফা ও মক্কার মধ্যবর্তী পথের একটি জনপদ। তবে তাঁর বেড়ে ওঠা এবং জীবনের অধিকাংশ সময় কেটেছে বাগদাদে; সেখানেই তাঁর ইন্তেকাল হয়।

ইলম অর্জনের জন্য তিনি বিভিন্ন স্থানে সফর করেন মক্কা, বসরা, দিনাওয়ার, কুফাসহ বিভিন্ন অঞ্চলে গিয়ে হাদিস শ্রবণ করেন।

বাগদাদে ফিরে আসার পর আব্বাসীয় খলিফা আল-কায়িমের মন্ত্রী রঈসুর রুআস ইবনু মাসলামাহ তাঁর ইলমি মর্যাদা উপলব্ধি করেন এবং তাঁকে বিশেষ সম্মান দেন। পরবর্তীতে কিছু পরিস্থিতির কারণে তিনি গোপনে বাগদাদ ত্যাগ করে শামের দিকে চলে যান। ৪৬২ হিজরিতে তিনি কিছু সময় দামেস্ক, সূর, ত্রিপোলি ও হালাব-এ অবস্থান করেন।

জীবনের শেষদিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি তাঁর বইগুলো ওয়াকফ করে দেন এবং নিজের সমস্ত সম্পদ বিভিন্ন কল্যাণমূলক কাজে ও আলিম-মুহাদ্দিসদের মধ্যে বিতরণ করে দেন।

তিনি ছিলেন অত্যন্ত বাকপটু, সাহিত্যজ্ঞানসম্পন্ন ও কবিতা রচনায় সক্ষম। পড়াশোনা ও গ্রন্থ রচনার প্রতি তাঁর ছিল প্রবল আকর্ষণ।

■ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ

১. ইকতিদাউল ইলমিল আমাল (ইলম অনুযায়ী আমল করার প্রয়োজনীয়তা নিয়ে।)

২. আল-আসমাউল মুবহামাহ ফিল আনবাইল মুহকামাহ (হাদিসে অস্পষ্টভাবে উল্লেখিত ব্যক্তিদের পরিচয়।)

৩. আল-আমালি বি-জামিই দামিশক (দামেস্কে প্রদত্ত চারটি ইমলায়ি মজলিস।) ৪. মাসআলাতুল ইহতিজাজ বিশ-শাফেয়ি ( ইমাম শাফেয়ির মতকে দলিল হিসেবে গ্রহণের আলোচনা।

৫. আল-বুখালা (কৃপণদের নিয়ে সংকলিত বর্ণনা ও কাহিনি।)

৬. আত-তাতফিল ওয়া হিকায়াতুত তুফাইলিয়্যিন (অনাহূত ভোজনপ্রিয় ব্যক্তিদের কাহিনি, সংবাদ ও কবিতা।)

৭. আল-জামি লি-আখলাকির রাবি ওয়া আদাবিস সামি (হাদিস বর্ণনাকারী ও শ্রোতার নীতি-আদবের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ।)

৮. আর-রিহলাহ ফি তালাবিল হাদিস (হাদিসের সন্ধানে ইলমি সফর।)

৯. আয-যুহদ ওয়ার রাকায়িক (যুহদ ও হৃদয় কোমলকারী বর্ণনা।)

১০. আস-সাবিক ওয়াল-লাহিক (একই শায়খের দুই রাবির মৃত্যুর সময়ের ব্যবধান নিয়ে।)

১১. আল-ফাসল লিল-ওয়াসলিল মুদরাজ ফিন নাকল (মুদরাজ বর্ণনা শনাক্তকরণ ও পৃথকীকরণ।)

১২. আল-ফকিহ ওয়াল-মুতাফাক্কিহ (ফিকহ, ফকিহ ও ফিকহশিক্ষার নীতিমালা।)

১৩. আল-কাওল ফি ইলমিন নুজুম (জ্যোতির্বিদ্যা/নক্ষত্রবিদ্যা সম্পর্কে আলোচনা।)

১৪. আল-কিফায়াহ ফি ইলমির রিওয়ায়াহ (হাদিস বর্ণনার নীতিমালা; হাদিসের মুস্তালাহ ও রিওয়ায়াহ-সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ।)

১৫. আল-মু'তানিফ তাকমিলাতুল মু'তালিফ ওয়াল মুখতালিফ।

১৬. আল-মুত্তাফিক ওয়াল-মুফতারিক (একই নামের বিভিন্ন রাবিকে পৃথক করার গুরুত্বপূর্ণ গ্রন্থ।)

১৭. তারিখু বাগদাদ ( তাঁর সর্বাধিক প্রসিদ্ধ ঐতিহাসিক গ্রন্থ।)

১৮. তালখিসুল মুতাশাবিহ ফির রসম।

১৯. তালি তালখিসিল মুতাশাবিহ।

২০. তাকয়িদুল ইলম (জ্ঞান লিখে সংরক্ষণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ।) ২১. শারাফু আসহাবিল হাদিস (হাদিসের অনুসারীদের মর্যাদা ও বৈশিষ্ট্য।)

২২. যিকরু সালাতিত তাসবিহ (সালাতুত তাসবিহ-সংক্রান্ত হাদিস ও বর্ণনাগুলোর আলোচনা।)

২৩. আওয়ালি মালিক ( ইমাম মালিকের উচ্চ সনদের বর্ণনা।)

২৪. গুনিয়াতুল মুলতামিস ইদাহুল মুলতাবিস।

২৫. মুওয়াদ্দিহ আওহামিল জাম ওয়াত তাফরীক (রাবিদের নাম ও পরিচয় নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূরীকরণ।)

২৬. নাসিহাতু আহলিল হাদিস (আহলুল হাদিসের প্রতি নসিহত।)

এ ছাড়াও তাঁর আরও বহু গ্রন্থ রয়েছে। ইয়াকুত আল-হামাভি তাঁর প্রায় ৫৬টি গ্রন্থের নাম উল্লেখ করেছেন। আবার ইউসুফ আল-আশ তাঁর "আল-খতীব আল-বাগদাদী: মুআররিখু বাগদাদ ওয়া মুহাদ্দিসুহা" গ্রন্থে তাঁর ৭৯টি রচনার নাম উল্লেখ করেছেন।

■ তারিখু বাগদাদ: অনবদ্য সৃষ্টি

تاريخ بغداد (তারিখু বাগদাদ) তাঁর সবচেয়ে বিশাল ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। হাদিসের রাবি ও মুহাদ্দিসদের জীবনী গবেষণায় এর গুরুত্ব অপরিসীম।

অর্থাৎ 'তারিখু বাগদাদ' বা 'মাদিনাতুস সালাম-এর ইতিহাস'। এর বিষয়বস্তু হলো বাগদাদ নগরীর ইতিহাস, সেখানে বসবাসকারী মুহাদ্দিসদের পরিচয়, বাগদাদের আলিমদের জীবনী এবং বাইরে থেকে আগত আলিম ও জ্ঞানীদের বিবরণ।

এই গ্রন্থে তিনি শুধু জীবনীগ্রন্থ রচনা করেননি; বরং বিপুলসংখ্যক রাবি, মুহাদ্দিস, ফকিহ ও আলিমের পরিচয়, তাঁদের উসতায, ছাত্র, বর্ণনা এবং ইলমি অবস্থান সংরক্ষণ করেছেন। ফলে এটি ইসলামের বুদ্ধিবৃত্তিক ও হাদিসি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসগ্রন্থ।

বর্তমানে এর বিভিন্ন তাহকিকসহ সংস্করণ প্রকাশিত হয়েছে। এর মধ্যে ড. বাশশার আওয়াদ মারুফের তাহকিককৃত সংস্করণটি ১৭ খণ্ডে (১৬ খণ্ড মূল গ্রন্থ ও ১ খণ্ড সূচি) প্রকাশিত হয়েছে।

■ একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

ইমাম খতীব আল-বাগদাদী (রহ.)-এর 'আল-কিফায়াহ' ও 'আল-জামি' বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা ইমাম ইবনু হিব্বান, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম দারাকুতনি প্রমুখ মুহাদ্দিসের হাদিস গ্রহণের মানদণ্ড ও রাবি যাচাইয়ের পদ্ধতি তুলনামূলক পর্যালোচনায় খতীব আল-বাগদাদীর এসব গ্রন্থ মৌলিক উৎস হিসেবে সামনে আসে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!